spb-logo

ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকার দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ও স্মারকলিপি

শেয়ার করুন:WhatsAppXTelegram
ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকার দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মিছিল
ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকার দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মিছিল

গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচার, ক্ষতিগ্রস্থ পরিবারকে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ প্রদান, হয়রানী-দমন-পীড়ন বন্ধ, গ্রেফতারকৃত শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং পে-স্কেল ও জীবনযাপন ব্যয় বিবেচনায় গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা ঘোষণার দাবিতে আজ ৯ নভেম্বর ২০২৬ তারিখ, সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বরাবর মজুরি প্রস্তাবনা জমা প্রদানের কর্মসূচী পালন করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৌমিত্র কুমার দাস, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক হাসনাত কবির, নির্বাহী সদস্য নুর হোসেন সর্দার ও রুহুল আমিন সোহাগ প্রমুখ।

সমাবেশে বক্তব্য রাখছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতা
সমাবেশে বক্তব্য রাখছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দ

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০২৩ সালে যখন গার্মেন্টস শ্রমিকদের মজুরি ১২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল সেই সময়েই বিবিএস এর খানা জরিপের যে ফলাফল বেরিয়েছিল তা প্রমাণ করেছিল শ্রমিকের পরিবার পরিজন নিয়ে মৌলিক চাহিদা পূরণের জন্য যে ব্যয় প্রয়োজন তা প্রাপ্ত মজুরি দিয়ে পূরণ হয় না। তারপর, প্রতিবছরে যে পরিমাণ মুদ্রাস্ফীতি ঘটেছে, নিত্যপণ্যের মূল্য যে পরিমাণে বেড়েছে সেই পরিমাণ মজুরি বৃদ্ধি না ঘটায় প্রতিনিয়ত চাহিদা বৃদ্ধির বিপরীতে আয় কমেছে যা শ্রমিকদের প্রায় অর্ধভুক্ত অবস্থায় জীবনযাপন করতে বাধ্য করেছে।

তারওপর, অসুস্থতা কিংবা জরুরী প্রয়োজনে ছুটি না পাওয়া, ওভার টাইমের মজুরি কিংবা মাসিক মজুরি নিয়মিত পরিশোধ না করা, অতিরিক্ত কাজের চাপ, সিন্ডিকেট করে চাকরি অবসানে প্রাপ্য পাওনা পরিশোধ না করা, হয়রানী এবং প্রতিবাদ করলে চাকরিচ্যুতি এবং ব্লাক লিস্টিংসহ শ্রমিকদের চরম অনিশ্চয়তার মধ্যে ঝুলিয়ে রেখে তীব্র শ্রম শোষণের যন্ত্রণায় অতিষ্ঠ শ্রমিকরা বৈষম্য বিলোপের প্রতিশ্রুতিতে ন্যায্যতার প্রত্যাশায় ২০২৪ সালের গণ অভ্যুত্থানে লাখ লাখ শ্রমিক অংশগ্রহণ করেছে, কয়েকশত শ্রমিক জীবন দিয়েছে যা একক ভাবে সর্বোচ্চ সংখ্যক। স্বাভাবিক ভাবেই শ্রমিকরা প্রত্যাশা করেছিল, অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পরিচালনাকারীরা নিজ উদ্যোগে মজুরিকে জীবনযাপন ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করবে।

কিন্তু, রাষ্ট্র তা করেনি বরং শ্রম আইন সংশোধন হওয়ার পরে মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু করার সময় হলেও পোশাক শিল্প মালিকরা তা অস্বীকার করার চেষ্টা করেছে যা শ্রমিকদের কে ক্ষুব্ধ করে তোলে। বেশ কিছু কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামলে সমস্যার তাৎক্ষণিক সমাধান করতে উদ্যোগ গ্রহণ না করায় এবং সুষ্ঠু শিল্প সম্পর্কের চর্চার সুযোগ না থাকায় এবং আন্দোলনের নিয়মতান্ত্রিক উপায় সম্পর্কে অজ্ঞতার কারণে আন্দোলনগুলি এক পর্যায়ে নিম্নতম মজুরি ঘোষণার দাবির আন্দোলনে পরিণত হয়েছে আর আন্দোলন কে অজুহাত করে একের পর এক গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণার ফলে লাখ লাখ শ্রমিক কারখানা ছেড়ে রাস্তায় নেমে এসেছিল।

লাঠি চার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলন দমন করতে যেয়ে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। হাজার হাজার শ্রমিকের নামে মামলা দায়ের করা হয়েছে, বাড়ি বাড়ি যেয়ে গার্মেন্টস শ্রমিকদের পুলিশের হয়রানি করার ভিডিও ভাইরাল হয়েছে, গ্রেফতার করা হয়েছে বেশ কিছু শ্রমিক, আহত হয়েছে শতশত শ্রমিক, একজন শ্রমিক মৃত্যুবরণও করেছেন। শ্রমিকদের এই যন্ত্রণাকে ধারণ না করে শ্রমিক অসন্তোষ কে চক্রান্ত বা আইন শৃঙ্খলার সমস্যা হিসাবে চিহ্নিত করার চেষ্টা এই শিল্পকে দায়িত্বশীল শিল্পের পরিবর্তে দাস ব্যবস্থার প্রতীক হয়ে উঠবে যা শিল্পের জন্য মঙ্গলজনক হবে না।

একজন শিল্পপতি প্রকাশ্যে বলেছেন, কিছু অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে তারা শ্রমিকদের ৪০ হাজার টাকা পর্যন্ত মজুরি দিতে পারবেন যা শিল্পের সক্ষমতার স্বীকারোক্তি।

সমাবেশে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দ

নেতৃবৃন্দ বলেন, তাই, আমরা প্রত্যাশা করি পোশাক শিল্পের জন্য গঠিত মজুরি বোর্ড, শ্রমিকদের জীবনমান বিকশিত করা, বাজার দরের সাথে সঙ্গতি বিধান করা এবং সরকার ঘোষিত পে স্কেলের সর্বশেষ ধাপের সাথে সঙ্গতি রেখে শ্রমিকদের মজুরী নির্ধারণের পদক্ষেপ গ্রহণ করবে।

নেতৃবৃন্দ, গার্মেন্টস আন্দোলনে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা, আন্দোলনের কারণে শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃত শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি এবং দমন পীড়ন বন্ধ এবং আন্দোলনের অজুহাতে শ্রমিকদের চাকুরিচ্যুত করা, ব্লাক লিস্টিং বন্ধ করার দাবি জানিয়ে বলেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট ৩৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণ কে যৌক্তিক মনে করে তবে, জোটগত ভাবে যৌক্তিক দাবি উত্থাপিত হলে তা সমর্থন করবে।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে খালেকুজ্জামান লিপন, সেলিম মাহমুদ ও অ্যাড. সৌমিত্র কুমার দাস কে নিয়ে গঠিত ৩ সদস্যের টিম স্মারকলিপি জমা প্রদান করেন।

নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সমাবেশ
নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সমাবেশ

নিম্নতম মজুরি বোর্ডে দেওয়া স্মারকলিপি: মজুরি দাবির যৌক্তিকতা ও মজুরি প্রস্তাবনা

বরাবর,
চেয়ারম্যান মহোদয়,
নিম্নতম মজুরী বোর্ড
শাহ পোরশিয়া (১৪তম তলা),
৪০, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

বিষয়: গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য জীবনযাত্রার ব্যয় বিবেচনা ও পে-স্কেলের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে নিম্নতম মজুরি ৩৭ হাজার টাকা বা ৩০০ ডলার নির্ধারণ করার দাবিতে স্মারকলিপি পেশ।

জনাব,

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আপনি নিশ্চয় জানেন, বাংলাদেশের রপ্তানি আয়ের ৮২ শতাংশ আসে গার্মেন্টস খাত থেকে। গার্মেন্টস পণ্যে মূল্য সংযোজন হয় শ্রমিকের শ্রমে, রপ্তানি করে মুনাফা যায় মালিকের ঘরে, নানা ধরনের শুল্ক থেকে আয় আসে সরকারের কোষাগারে, কিন্তু শ্রমিকের ন্যায়সংগত ও মানসম্মত মজুরি নিশ্চিত হয় না। বারবার মজুরির দাবিতে শ্রমিকদের পথে নামতে হয়, নির্যাতন ভোগ করতে হয়, চাকরি ও জীবন হারাতে হয়।

২০২৪ এর অভ্যুত্থানের প্রধান প্রতিশ্রুতি ছিল বৈষম্য বিলোপ। ফলে, গার্মেন্টস শ্রমিকদের মধ্যে প্রত্যাশা ছিল পরিবর্তনের পরে তাদের মজুরি পুনর্নির্ধারিত হবে। কিন্তু ২ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ না দেখে শ্রমিকরা রাস্তায় নেমেছিল। শ্রমিকদের দাবির মুখে মজুরি বোর্ড গঠন এবং ডিসেম্বর’২৬ থেকেই নতুন নির্ধারিত মজুরি কার্যকর করার ঘোষণা দেওয়ায় আপনাকে এবং আপনার মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানাচ্ছি এবং আশাবাদ ব্যক্ত করছি যে গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের একটি মানসম্মত ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার এবং পাহাড়সম বৈষম্য কমানোর বিষয়টি বিবেচনায় রেখে নতুন মজুরি সুপারিশ করবেন। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা মনে করি নিত্যপণ্যের বর্তমান বাজারমূল্য বিবেচনায় গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণ করা উচিত। আমাদের দাবির পক্ষে যুক্তিসমূহ নিম্নে উপস্থাপন করা হলো:

১) অধিকারের মাপকাঠিতে বিবেচনা

মজুরি শ্রমিকের অর্জন, কোনো দয়া নয়। ১৯৪৮ সালের বিশ্ব মানবাধিকার ঘোষণা বা ফিলাডেলফিয়া ঘোষণায় বলা হয়েছে,

প্রত্যেক কর্মীর নিজের ও পরিবারের মানবিক মর্যাদা রক্ষায় সক্ষম এমন ন্যায্য পারিশ্রমিক পাওয়ার অধিকার রয়েছে।

আইএলও কনভেনশন ১৩১-এ বলা হয়েছে,

সর্বনিম্ন মজুরি অবশ্যই আইন দ্বারা নিশ্চিত করতে হবে। শ্রমিক ও তার পরিবারের প্রয়োজন, জীবনযাত্রার ব্যয়, সামাজিক নিরাপত্তা সুবিধা ইত্যাদিকে বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে।

বাংলাদেশের সংবিধানের ১৫ নং অনুচ্ছেদে বলা হয়েছে,

কর্মের অধিকার, অর্থাৎ কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করে যুক্তিসংগত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তা লাভের অধিকার।

ফলে মজুরি প্রশ্নে আন্তর্জাতিক এবং জাতীয় ঘোষণা ও নীতিমালা রয়েছে। কিন্তু বারবার এই প্রশ্ন উত্থাপিত হয়, যুক্তিসংগত অথবা মানবিক মর্যাদা রক্ষার মতো মজুরি নির্ধারণ কীভাবে করা হবে? একজন শ্রমিকের পরিবারের কী কী দরকার হয়? অন্তত তিন বেলা খাবার, পোশাক, মাথা গোঁজার একটা ঠাঁই, অসুস্থ হলে চিকিৎসা, সন্তানের শিক্ষা, বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয়, অতিথি আপ্যায়ন ও বিনোদন ছাড়া মানবিক জীবন কি ভাবা সম্ভব? সাধারণত এসব বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়।

২) শ্রমিকের মজুরি প্রশ্নে আন্তর্জাতিক এবং জাতীয় ঘোষণা ও নীতিমালাসমূহের ভিত্তিতে বিবেচনা

পৃথিবীর বিভিন্ন দেশে ন্যূনতম মজুরির বিধান আছে। ন্যূনতম মজুরি আইন প্রথম করা হয় নিউজিল্যান্ডে ১৮৯৬ সালে। অস্ট্রেলিয়ায় ১৮৯৯ সালে, ইংল্যান্ডে ১৯০৯ সালে, শ্রীলঙ্কায় ১৯২৭ সালে, ভারতে ১৯৩৬ সালে, পাকিস্তানে ১৯৬৯ সালে প্রবর্তন করা হয়। দ্রব্যমূল্য বৃদ্ধিকে বিবেচনায় নিয়ে ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন, মরিশাস, মেক্সিকো, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে প্রতিবছর মজুরি পুনর্নির্ধারণ করা হয়। কানাডায় করা হয় ২ বছর পর। বাংলাদেশে পূর্বে ৫ বছর পর থাকলেও, শ্রম আইন সংশোধনের পর ২০২৬ থেকে ৩ বছর পর মজুরি নির্ধারণ করার বিধান করা হয়েছে। যে কারণে আইনসংগতভাবেই গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য ২০২৩ সালের পর ২০২৬ সালে মজুরি বোর্ড গঠন করতে হবে। আমরা এই যৌক্তিক ও আইনসংগত দাবি শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে উত্থাপন করছি।

৩) বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এ মজুরি নির্ধারণের মাপকাঠির ভিত্তিতে বিবেচনা

শ্রম আইনের ১৪১ ধারায় বলা হয়েছে,

জীবনযাপন ব্যয়, জীবনযাপন মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত দ্রব্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সামর্থ্য, দেশের ও সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করতে হবে।

মজুরি পুনর্নির্ধারণ বিষয়ে ধারা ১৩৯(৬)-এ বলা হয়েছে, ‘কোনো শিল্পে নিযুক্ত শ্রমিকের জন্য স্থিরকৃত ন্যূনতম মজুরির হার সরকারের নির্দেশক্রমে প্রতি তিন বছর অন্তর পুনর্নির্ধারণ করিবে।’ মজুরি ঘোষণায় সরকারকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে ১৪০ক ধারায়। ১৪০ক ধারায় বলা হয়েছে, ‘এই আইনের ধারা ১৩৯, ১৪০ ও ১৪২-এ যে বিধানই থাকুক না কেন, বিশেষ পারিপার্শ্বিক অবস্থায় সরকার কোনো শিল্প সেক্টরের জন্য ঘোষিত নিম্নতম মজুরি কাঠামো বাস্তবায়নের যে কোনো পর্যায়ে নতুনভাবে নিম্নতম মজুরি বোর্ড পুনঃগঠন এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন সাপেক্ষে পুনরায় নিম্নতম মজুরি ঘোষণা করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, এরূপ ক্ষেত্রে সরকার প্রয়োজন মনে করিলে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নতুনভাবে নিম্নতম মজুরি হার ঘোষণা না করিয়া শ্রমিক ও মালিকপক্ষের সহিত আলোচনাক্রমে চলমান মজুরি হারের কোনো সংশোধন বা পরিবর্তন কার্যকর করিতে পারিবে।’ শ্রম আইনে উল্লিখিত মানদণ্ডসমূহ বিবেচনায় নিয়ে মজুরি কেমন হলে তা ন্যায্য হবে?

(ক) জীবনযাপন ব্যয়: শ্রমিকের প্রধান সম্পদ তার কর্মক্ষমতা। তার কর্মক্ষমতা কাজে লাগিয়ে সে যা আয় করে তা দিয়ে তার সংসার চালাতে হয়। কর্মক্ষম মানুষ, শিশু-বৃদ্ধ, সন্তানসম্ভবা মা সবার কথা বিবেচনা করে প্রতিদিন একজন মানুষের গড়ে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার কিলোক্যালরি তাপ উৎপাদনের উপযোগী খাবার খেতে হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ২০২২ সালের গবেষণা রিপোর্ট অনুযায়ী, ঢাকায় বসবাসরত ৪ সদস্যের একটি পরিবারের খাবারের জন্য মাসিক খরচ ২২ হাজার ৪২১ টাকা প্রয়োজন হয় (২০ আইটেম ধরে)। জাতিসংঘের পাঁচটি প্রতিষ্ঠানের ২০২২ সালের সম্মিলিত মত ছিল, বাংলাদেশে একজন মানুষের স্বাস্থ্যকর বা পুষ্টিমান খাবারের জন্য ১ জনের দৈনিক খাবার খরচ ২৭৬ টাকা। অর্থাৎ একজন শ্রমিকের শুধু খাদ্য বাবদ মাসিক ব্যয় ৮ হাজার ২৮০ টাকা, অর্থাৎ ৪ সদস্যের পরিবারে খাবার খরচ লাগবে ৩৩ হাজার ১২০ টাকা। ২০২২ সালের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ২ মাস আগে নিত্যপণ্যের বাজার বিবেচনায় নিয়ে সিপিডি বলেছিল, খাবারের সঙ্গে এক কক্ষের ঘর ভাড়া, গ্যাস-বিদ্যুতের বিল, চিকিৎসা ব্যয়, স্বাস্থ্য সুরক্ষার পণ্য ক্রয়, সন্তানের পড়ালেখার খরচ, যাতায়াত, মোবাইল ফোন ও ইন্টারনেট বিল হিসাব করলে ঢাকার আশপাশের এলাকায় ৪ সদস্যের একটি পরিবারের মাসিক খরচ ৪৭ হাজার ১৮২ টাকা। গত ৪ বছরের বাজারদর ২০% বৃদ্ধি করলেও তা প্রায় ৬০ হাজার টাকা লাগবে।

(খ) মাথাপিছু আয়: সরকারি হিসাবে বর্তমানে দেশের জনগণের মাথাপিছু আয় ৩,০২০ ডলার। সেই হিসাবে ৪ সদস্যের পরিবারের বার্ষিক আয় দাঁড়ায় ১৪ লাখ ৮৭ হাজার ৪৮ টাকা। এই আয়কে মাসিক আয়ে পরিণত করলে তার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ২৩ হাজার ৯২১ টাকা। (১ ডলার সমান ১২৩.১ টাকা হিসাবে) মাথাপিছু আয় হিসেবে পরিবারের ২ জন আয় করলেও ১ জন কর্মক্ষম মানুষকে কমপক্ষে ৬২ হাজার টাকা আয় করতে হবে।

(গ) শ্রমশক্তি হিসেবে: বাংলাদেশের মোট জনসংখ্যা ১৮ কোটি। কর্মক্ষম শ্রমশক্তি ৭ কোটি ৫০ লাখ। সে হিসেবে প্রতি কর্মক্ষম মানুষকে গড়ে ২.৩৬ জনের অর্থনৈতিকসহ সমস্ত দায়িত্ব বহন করতে হয়। সরকারি হিসাবে বার্ষিক মাথাপিছু আয় হিসেবে একজন কর্মক্ষম মানুষের আয় ৭৪ হাজার ২৪০ টাকা হওয়া উচিত।

(ঘ) দারিদ্র্যসীমা: শ্রমিক কাজ করতে আসে জীবনমান উন্নয়ন করতে, দারিদ্র্য দূর করতে। বিশ্বব্যাংকের বর্তমান হিসাব অনুযায়ী, বাংলাদেশের মতো দেশে দারিদ্র্যসীমার উপরে উঠতে প্রতিদিন প্রতিজনকে কমপক্ষে ৩ ডলার আয় করতে হবে। সে হিসেবে একজনকে প্রতি মাসে কমপক্ষে সর্বনিম্ন ৪৫,৩৫০ টাকা আয় করতে হবে।

(ঙ) বিবিএস বিশেষ জরিপ ২০২৫ রিপোর্ট (পে-স্কেল তৈরির জন্য): সরকারি বিবিএস-এর ‘দারিদ্র্য ও জীবিকা পরিসংখ্যান সেল’ পরিচালিত ‘লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে ২০২৫’ অনুযায়ী বিশেষ খানা জরিপ-২০২৫ সালের অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকায় একটি পরিবারের গড় মাসিক খরচ সর্বনিম্ন ৪৬ হাজার ৭৭৮ টাকা, সিটির বাইরে অন্যান্য শহরাঞ্চলে গড় সর্বনিম্ন ৩৭ হাজার ৩৪৪ টাকা ও গ্রামীণ এলাকায় ৩২ হাজার ৫৩২ টাকা। (২০২৫ সালের ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর জাতীয় পে-স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সুপারিশ করার জন্য কমিশন এই বিশেষ জরিপ করে।) উল্লেখ্য, ইতোমধ্যে ২০২৬ সালে ৩ দফা জ্বালানি তেল ও ২ দফা এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিসহ নিত্যপণ্যের দাম কয়েক দফা বেড়েছে। এখন জরিপ হলে এই খরচ আরও অনেক বৃদ্ধি পেত। সেই বিবেচনায় গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকের মজুরি কত হওয়া উচিত?

(চ) সরকারি পে-স্কেল ২০২৬: ২০২৬ সালে সরকার ঘোষিত পে-স্কেলের সর্বনিম্ন ধাপে মূল বেতন ২০ হাজার টাকা, বেসিক ও বাসা ভাড়া ঢাকা মহানগরে বেসিকের ৬০% ও অন্যান্য ভাতা ধরে সর্বমোট প্রায় ৩৭ হাজার ৬৫০ (এক সন্তান হলে ৩৭,১৫০ টাকা পাবে)। ঢাকা সিটি ছাড়া অন্যান্য সিটির হিসাবে বাড়ি ভাড়া ৫০% ধরলে পে-স্কেলে নিম্নতম বেতন ৩৫,৬৫০, এক সন্তান হলে ৩৫,১৫০ টাকা পাবে। সরকারি পে-স্কেলে মূল বেতন বা বেসিকের ৬০% ঢাকায়, অন্যান্য সিটিতে ৫০%, চিকিৎসা ভাতা ৩০০০ টাকা, মোবাইল ১৫০ টাকা, ধোলাই ভাতা ৩০০ টাকা, আপ্যায়ন ভাতা ৬০০ টাকা, শিক্ষা সহায়ক ভাতা ১০০০ টাকা (দুই সন্তান), যাতায়াত ভাতা ৬০০ টাকা মূল বেতনের সাথে যুক্ত হয়। এর বাইরে নববর্ষ ভাতা, ভ্রমণ ভাতা, অবসর প্রস্তুতিকালীন ছুটি (পিআরএল), পিএফ, গ্র্যাচুইটি ও পেনশন সুবিধা পেয়ে থাকে। গার্মেন্টস শ্রমিকরা মাসিক মজুরির বাইরে এ ধরনের কোনো সুবিধা পায় না। সাধারণত আমাদের দেশে শ্রমিকের মজুরি সরকারি পে-স্কেলের উপরে থাকে। ২০১৫ সালে সরকারি পে-স্কেলে সর্বনিম্ন ধাপে বেতন ৮২৫০ টাকা বেসিক ছিল। সেই সময় রাষ্ট্রায়ত্ত কারখানার শ্রমিকদের মজুরি ৮৩০০ টাকা বেসিক ধরে মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেই হিসাবে বাংলাদেশের ক্যাপ্টেন ইন্ডাস্ট্রি হচ্ছে গার্মেন্টস শিল্প। সরকারি প্রতিষ্ঠানের বেতন কাঠামোকে জাতীয় মানদণ্ড হিসাবে বিবেচনা করলে গার্মেন্টস শ্রমিকদের মজুরি সরকারি সর্বনিম্ন ধাপের উপরেই থাকা উচিত।

(ছ) এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স: এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স পক্ষ থেকে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের বর্তমান জীবনযাপন নিয়ে বিগত ৩ মাসের গবেষণা অনুযায়ী, একটি পরিবারের মাসিক নিম্নতম খরচ প্রয়োজন ৬২ হাজার ৪১৭ টাকা।

(জ) আমাদের প্রতিযোগী দেশসমূহের মজুরি: মজুরি নির্ধারণে একটি প্রধান বিষয় শ্রমিকের শ্রমে উৎপাদিত পণ্যে মূল্য সংযোজন কত হয়? এর প্রেক্ষিতে একেক খাতে একেক ধরনের মজুরির কথা বলা হয়। তেমনি জীবনযাপন ব্যয়কে বিবেচনায় নিয়ে সমজাতীয় পর্যায়ে একটি নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়। গার্মেন্টস পণ্য যে দেশেই তৈরি হোক না কেন, এর বাজার আন্তর্জাতিক এবং এটি একটি আন্তর্জাতিক বাজারের পণ্য। পৃথিবীর যে দেশেই তা উৎপাদিত হোক না কেন, তার টার্গেট প্রধানত ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, জাপানসহ বিভিন্ন দেশ। সেখানে তাকে প্রতিযোগিতামূলক দামেই গার্মেন্টস পণ্য বিক্রি করতে হয়। ফলে গার্মেন্টস শিল্পে মূল্য সংযোজন কী কী পরিমাণ হচ্ছে, তুলনামূলক প্রধান রপ্তানিকারক বা বাংলাদেশের প্রতিযোগী দেশসমূহের শ্রমিকদের মজুরি কত, এই বিষয়গুলোও বিবেচনায় নেওয়াটা জরুরি।

(ঝ) অন্যান্য দেশের গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি: চীন ৩৫০-৪৫০ ডলার (প্রদেশভিত্তিক মজুরি), কম্বোডিয়া ২২৭ ডলার (বেসিক ২১০ ডলার, হাজিরা বোনাস ১০ ডলার, যাতায়াত ও বাসা ভাড়া ৭ ডলার), ভিয়েতনাম ২০০-২৫০ ডলার (প্রদেশভিত্তিক কম-বেশি আছে), পাকিস্তানে ৩৭,০০০ রুপি, সর্বোচ্চ তা ৬৪ হাজার পর্যন্ত, তুরস্ক ৩৫,০০০ থেকে ৫১,০০০ তুর্কি লিরা, যা বাংলাদেশি মুদ্রায় ৫০,০০০ থেকে ৮৮,০০০ টাকা।

(ঞ) জাতীয় রপ্তানি আয় বা ক্যাপ্টেন ইন্ডাস্ট্রি: বাংলাদেশের রপ্তানি আয়ের শীর্ষ সেক্টর হচ্ছে গার্মেন্টস শিল্প। ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৫৫ বিলিয়ন ডলার। মোট রপ্তানি হয়েছে ৪৮ বিলিয়ন ডলার। এর মধ্যে এককভাবে গার্মেন্টস সেক্টরের রপ্তানি হয় ৩৮.৭০ বিলিয়ন ডলার। যা মোট রপ্তানি আয়ের ৮১ ভাগ। আমরা যদি শেষ ১০ বছরের হিসাব করি তাহলে দেখব মোট গার্মেন্টস কারখানা কমেছে, শ্রমিক সংখ্যা কমেছে কিন্তু তার রপ্তানির পরিমাণ বৃদ্ধি অব্যাহত আছে। ২০১৪-১৫ অর্থবছরে মোট রপ্তানি আয় ছিল ৩১.২০ বিলিয়ন ডলার। সেখানে ২৫.৪৯ বিলিয়ন ডলার আয় হয়েছিল গার্মেন্টস শিল্প থেকে। ১০ বছরে ১৩.২১ বিলিয়ন ডলার রপ্তানি আয় বেড়েছে, অর্থাৎ গড়ে প্রতি বছর প্রায় ১.৫ বিলিয়ন ডলার রপ্তানি বাড়ছে। রপ্তানি বেড়েছে, কিন্তু গার্মেন্টস কারখানা ও শ্রমিক সংখ্যা অনেক কমে গেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই রপ্তানি আয়ে যে শিল্প শীর্ষে, তার মূল কারিগর শ্রমিকের মজুরি থাকবে সবচেয়ে নিম্নে, তা কখনোই জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না।

(ট) খাদ্য গ্রহণ ও পুষ্টিমানের বিবেচনায় গার্মেন্টস শ্রমিকদের মজুরি কত হওয়া উচিত: মানুষ প্রতিদিন খাদ্য গ্রহণ করে তার টিকে থাকা, শক্তি বৃদ্ধি, ক্ষয় পূরণ, বংশবৃদ্ধি করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট হিসাব করে দেখিয়েছে, দৈনিক ১০ ঘণ্টা কাজ করলে একজন পুরুষ গার্মেন্টস শ্রমিকের গড়ে ৩ হাজার ৩৬৪ কিলোক্যালরি এবং নারী শ্রমিকের গড়ে ২ হাজার ৪০৬ কিলোক্যালরি তাপ উৎপাদন করতে হয়। সাধারণভাবে একজন মানুষের জন্য দিনে কত তাপশক্তি লাগে, এটা হিসাব করতে হলে বিভিন্ন কাজে কত কিলোক্যালরি তাপ প্রয়োজন হয় তা জানা দরকার। স্বাভাবিক স্বাস্থ্যের একজন মানুষের প্রতি মিনিটে কোন কাজে কত তাপশক্তি লাগে তার একটি বিজ্ঞানসম্মত হিসাব আছে। যেমন:

কার্যক্রম সময় কিলোক্যালরি
৮ ঘণ্টা কাজ ৮ ঘণ্টা ১৪৪০
১ ঘণ্টা বিরতি ১ ঘণ্টা ৯০
২ ঘণ্টা ওভারটাইম ২ ঘণ্টা ৩৬০
২ ঘণ্টা ঘরের কাজ ২ ঘণ্টা ২৪০
২ ঘণ্টা অবসর/আড্ডা ২ ঘণ্টা ১৮০
৮ ঘণ্টা ঘুম ৮ ঘণ্টা ৪৮০
১ ঘণ্টা হাঁটা ১ ঘণ্টা ২৪০
সর্বমোট ২৪ ঘণ্টা ৩০৩০

নারী শ্রমিকদের শরীরের গঠন ও ওজন বিবেচনায় কিছুটা কম কিলোক্যালরি তাপ প্রয়োজন হয়। কিন্তু নারীদের সন্তান ধারণ করলে কিংবা প্রসব পরবর্তী সময়ে খাবার ও পুষ্টি বেশি লাগে। প্রয়োজনীয় পুষ্টি না পেলে শুধু নারী শ্রমিক নিজে দুর্বল হবে তাই নয়, পরবর্তী প্রজন্মও ক্ষতির শিকার হবে। নারী শ্রমিকের কর্মসময় কিন্তু অনেক বেশি। কারণ তাকে কারখানার ও ঘরের কাজ দুটোই করতে হয়। গার্মেন্টসের একজন নারী শ্রমিক ঘুমাতে পারে কতক্ষণ? এক হিসাবে দেখা গেছে, মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা ঘুমানোর সময় পায়। তাকে রান্নার ও বাথরুমের জন্য লাইন দিতে হয়। কারখানায় দেরিতে গেলে মজুরি কেটে নেওয়া বা অনুপস্থিতি দেখানো হয়। ফলে ঘুম বা বিশ্রামের সময় কমিয়ে কাজে ছুটতে হয়। ফলে সামগ্রিক বিবেচনায় নারী শ্রমিকদের খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা হিসাব করতে হবে। একজনের ৩০০০ কিলোক্যালরি তাপ গ্রহণ করতে মিনিমাম খাবারে পরিমাণ ও তার মূল্য কত হবে:

ক্রম খাদ্য পরিমাণ ক্যালরি খরচ (টাকা)
১ চাল ৫০০ গ্রাম ১৮২৫ (ভাতে ৬৫০) ৪০
২ ডাল (মসুর মোটা) ৬০ গ্রাম ২০৫ (রান্নায় ৭০-৮০) ১০
৩ তেল (সয়াবিন) ৫০ মি.লি. ৪৫০ ১১.০০
৪ ডিম ১টি ৭২-৭৮ ১২.৫০
৫ মাছ ৬০ গ্রাম ৬০/৬৫ ২০
৬ আলু ১০০ গ্রাম ৭০/৮০ ৩
৭ শাক-সবজি ১৫০ গ্রাম ৫০ ১০
৮ কাঁচা মরিচ, মসলা, হলুদ, লবণ – ৭০ ২৫
৯ ফল (১টি কলা বা আমড়া) – ৭০ ১০
১০ রান্নার খরচ (সিলিন্ডার ১৮ কেজি: ২৭০০ + ভাড়া ১০০) – – –
১১ চা-নাস্তা দিনে ২ বার – – ৫০
১২ মুরগির মাংস (মাসে ৪ দিন, ৬.৫০ কেজি) – ৫৪ ১২
মোট ২৯৪৪ ক্যালরি ২৯৬.৫
একজন গার্মেন্টস শ্রমিকের ২৮০০ থেকে ৩০০০ কিলোক্যালরি খাবার খরচ

দিনে খাবার খরচ ২৯৬.৫ টাকা। সে হিসেবে ৪ জনের পরিবারে ন্যূনতম পুষ্টি অনুযায়ী খাবার খরচ ২৯৬.৫×৪×৩০ = ৩৫,৫৮০ টাকা। (২৯৪৪ ক্যালরি) সুষম খাদ্য দিয়ে মানুষের দৈনিক ক্যালরির প্রয়োজন মেটালে শারীরিক সুস্থতা এবং কর্মশক্তি রক্ষা করা সম্ভব। পুষ্টি বিজ্ঞানীদের মতে মোট খাদ্যের ৫৭ শতাংশ কার্বোহাইড্রেট যেমন: চাল, আটা দ্বারা, ৩০ শতাংশ চর্বি জাতীয় খাবার যেমন: তেল-ঘি-মাখন দ্বারা এবং ১৩ শতাংশ প্রোটিন জাতীয় খাদ্য যেমন: মাছ-মাংস, ডিম-দুধ দ্বারা পূরণ করা দরকার। ভিটামিন এবং খনিজ পদার্থ খুবই প্রয়োজন, রোগ প্রতিরোধ এবং শক্তি ব্যবহার করার জন্য। খনিজ পদার্থ আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম শক্তি উৎপাদন করে না কিন্তু এগুলোর অভাব হলে শরীর কর্মক্ষম থাকতে পারে না। ভিটামিন খনিজ দ্রব্যের জন্য শাক-সবজি ও ফলমূল খাওয়া প্রয়োজন। প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি অর্জন করার জন্য বাজারের সস্তা খাবার দ্বারা যদি একজন শ্রমিক তার শক্তি ও পুষ্টি বজায় রাখতে চায়, তাহলে তার প্রতিদিন এই টাকা তার খাবারের জন্য খরচ হবে। (এখানে অসুস্থ হলে পথ্যসহ অন্য খরচ বাড়ে, আবার শিশুদের ভাত কম লাগে কিন্তু তাদের অনেক কিছু প্রয়োজন হয় তাই তাদের জন্য খরচ বাড়ে।)

গড়ে জনপ্রতি ২৯৬.৫ টাকা প্রতিদিনের খরচ ধরলে ৪ জনের পরিবারের খাবারসহ মোট খরচ কত দাঁড়ায়:

খরচের খাত পরিমাণ (টাকা)
খাবার খরচ (২৯৬.৫×৪×৩০) ৩৫,৫৮০
বাসা ভাড়া (দুই রুম ৮,০০০ + পানি + বিদ্যুৎ)
(সিপিডি হিসাব ২০২২ সালের হিসাব ১ রুম ১১,৯০৯/-)
১০,০০০
যাতায়াত (২ জন কর্মজীবী ৭৫০×২) = ১৫০০ (২০২২ সালে সিপিডির হিসাব ১৭৬০/-) ১,৫০০
চিকিৎসা (১০০০×৪) = ৪০০০ (২০২২ সালে সিপিডির হিসাব ২৬২৫/-) ৪,০০০
শিক্ষা খরচ = ২০০০ (২০২২ সালে সিপিডির হিসাব ৬,৮১৮/-) ২,০০০
অতিথি আপ্যায়ন ২,০০০
তেল, সাবান, পেস্ট, সেভিং কিটস, ক্রিম, পাউডার ২,০০০
জুতা, স্যান্ডেল ২৫০
মোবাইল ৮০০
ইন্টারনেট + ডিশ = ১০০০ (২০২২ সালে সিপিডির হিসাব ৬৯২/- মোবাইল ও ইন্টারনেট) ১,০০০
পোষাক (বছরে ৪ সেট কাপড় ও বিছানার চাদর) ৩,০০০
মাসিক সঞ্চয় ১,৫০০
মোট ৬৩,৬৩০

সর্বমোট খরচ = ৩৫,৫৮০ + ২৮,০৫০ = ৬৩,৬৩০ টাকা।

যদি পরিবারে প্রধান আয়কারীর ৬০% আয় করতে হয় তাহলে একজনকে কমপক্ষে মাসে ৩৮ হাজার ১৯৬ টাকা আয় করতে হবে। এখানে বাবা-মায়ের দায়িত্ব, বিনোদন, আকস্মিক অসুস্থতা, ঈদ-পূজা উৎসব খরচ ও বাড়ি যাওয়া-আসার যাতায়াত খরচ ধরা হয়নি। এগুলো ছাড়া কি মানুষের জীবন চলে? সবাই চায় তার সন্তান সুস্থ থাকুক, শিক্ষিত হোক। আবার বৃদ্ধ বয়সে যখন কর্মক্ষমতা থাকে না তখন একজন মানুষ অসহায় হয়ে পড়ে। এ অসহায় সময়ে জীবনের জন্য সঞ্চয় করা বা সন্তানের উপর নির্ভর করতে সবাই চায়। ফলে এসব মিলে বিপদ আপদের জন্য শ্রমিক কী কোনো সঞ্চয় করবে না? শ্রমিক কী তাদের বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব নেবে না? যদি নিতে চায় তাহলে তার মজুরি কত হওয়া উচিত? এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা শ্রমিকের বিয়ের আগে তার কাঁধে থাকে বাবা-মা, ভাই-বোনের দায়িত্ব। এটা কি কেউ অস্বীকার করতে পারবে? তাহলে একজন শ্রমিকের কর্মজীবনের শুরুতেই তার মজুরি কত হওয়া উচিত? একটা সাধারণ হিসাব দেখানো হয় কোনো পরিবারের মাসিক মোট ব্যয়ের অন্তত ৬০ শতাংশ প্রধান উপার্জনকারীর আয় থেকেই আসে। সে হিসাব করলেও একজন গার্মেন্টস শ্রমিকের নিম্নতম মজুরি হওয়া উচিত ৩৮ হাজার টাকা।

(ঠ) বিশ্বের অনেক দেশে বা আমাদের দেশেও, অনেক অর্থনীতিবিদ সাধারণত খাদ্য ব্যয় ৫০ শতাংশ ও খাদ্য বহির্ভূত ব্যয় ৫০ শতাংশ ধরে শ্রমিকদের নিম্নতম মজুরি হিসাব করে। সেই হিসাব করলে ৪ জনের পরিবারের খাবার খরচ ৩৫ হাজার ০৮০ টাকা হলে, একটি পরিবারের মোট খরচ প্রয়োজন ৭০ হাজার টাকা। খাদ্য বহির্ভূত খরচ ধরে হিসাব করলে প্রয়োজন ৫৭ হাজার টাকা।

শ্রম আইনের ১৪১-এ নির্ধারিত মজুরি মানদণ্ড, সরকারি পে-স্কেল, বিবিএস বিশেষ জরিপ ২০২৫ রিপোর্ট, বাজারদর, জীবনযাপন ব্যয়, দারিদ্র্যসীমা অতিক্রম, মাথাপিছু আয়, উৎপাদনশীলতা, মূল্য সংযোজন, প্রতিযোগী দেশসমূহের নিম্নতম মজুরি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার গবেষণা রিপোর্ট, মালিকের সক্ষমতা ও অন্যান্য বাস্তবতা বিবেচনায় নিয়ে

একজন গার্মেন্টস শ্রমিকের সহকারী অপারেটর পদে বা শুরুতে নিম্নতম মজুরি ৩৭,১২৫ টাকা বা ৩০০ ডলার নির্ধারণ করার জন্য আহ্বান জানাই।

আমরা মনে করি, উল্লেখিত মজুরি নির্ধারণের মাপকাঠিসমূহ বিবেচনায় নিয়ে শুধু গার্মেন্টস নয়, সকল খাতের শ্রমিকের জন্য মজুরি নির্ধারণই কেবল বৈষম্য বিলোপের প্রতিশ্রুতি রক্ষার প্রাথমিক পদক্ষেপ হতে পারে।

শ্রমিকের আর্থিক মজুরি নির্ধারণের পাশাপাশি রেশন, আবাসন, চিকিৎসা, সন্তানের শিক্ষা, ডে কেয়ার সেন্টার, নিহত-আহত হলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার মধ্য দিয়েই শ্রমিকের মানসম্পন্ন জীবন ও উৎপাদিকা শক্তি বৃদ্ধি করার সুপারিশ আপনার নেতৃত্বাধীন বোর্ড করবে বলে প্রত্যাশা করছি। মজুরি কাঠামো বিষয়ে আমাদের প্রস্তাবনা সংযুক্ত করা হলো।

যথাযথ সম্মান প্রদর্শন ও ধন্যবাদসহ
আহসান হাবিব বুলবুল, সভাপতি
সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট

প্রস্তাবিত (২০২৬-২০২৯) ৩ বছরের গার্মেন্টস শ্রমিকদের মজুরি কাঠামো

শ্রেণি বিভাগ (গ্রেড) ও শ্রমিক পদবিন্যাস মূল মজুরি (টাকা) বাড়ি ভাড়া (মূল মজুরির ৫০%) চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা খাদ্য ভাতা শিক্ষা সহায়ক ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট হার মোট (টাকা)
গ্রেড-১
সিনিয়র অপারেটর যেমন সব ধরনের মেশিন চালানোর জন্য
সিনিয়র কাটার
সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর
৩৫,০০০/= ১৭,৫০০/= ২,০০০/= ১,৫০০/= ১,৫০০/= ১,০০০/= ১৫% ৫৮,৫০০
গ্রেড-২
অপারেটর (সকল ধরনের মেশিন চালানোর জন্য)
কাটারম্যান/ নিডলম্যান কোয়ালিটি ইন্সপেক্টর, অন্যান্য
৩০,০০০/= ১৫,০০০/= ২,০০০/= ১,৫০০/= ১,৫০০/= ১,০০০/= ১৫% ৫১,০০০
গ্রেড-৩
জুনিয়র অপারেটর (সকল ধরনের মেশিন চালানোর জন্য)
অপারেটর (সকল ধরনের মেশিন চালানোর জন্য)
কাটারম্যান/ নিডলম্যান কোয়ালিটি ইন্সপেক্টর, অন্যান্য
২৫,০০০/= ১২,৫০০/= ২,০০০/= ১,৫০০/= ১,৫০০/= ১,০০০/= ১৫% ৪৩,৫০০
গ্রেড-৪
জুনিয়র অপারেটর (সকল ধরনের মেশিন চালানোর জন্য)
অপারেটর (সকল ধরনের মেশিন চালানোর জন্য)
কাটারম্যান/ নিডলম্যান কোয়ালিটি ইন্সপেক্টর, অন্যান্য
২০,৭৫০/= ১০,৩৭৫/= ২,০০০/= ১,৫০০/= ১,৫০০/= ১,০০০/= ১৫% ৩৭,১২৫
মোট কলামটি মূল মজুরি ও সব ভাতা যোগ করে হিসাব করা।

মজুরি কাঠামোর অন্যান্য বৈশিষ্ট্যসমূহ নিম্নে উল্লেখ করা হল:

  • বেসিক মজুরিকে পে-স্কেলের ন্যায় মজুরি হিসেবে ঘোষণা করতে হবে।
  • বেসিক মজুরি অবশ্যই মোট মজুরির ৬০% হতে হবে।
  • বাৎসরিক ইনক্রিমেন্ট এর হার বেসিকের ১৫% হারে বৃদ্ধি করতে হবে এবং মজুরি বাস্তবায়নের প্রথম বছর থেকেই চাকুরির মেয়াদ অনুসারে করতে হবে। (যোগদানের তারিখ হইতে)
  • যেহেতু কোন গার্মেন্টস কারখানায় ট্রেনিং সেন্টার নেই। তাই আমরা শিক্ষানবিশ প্রথা বাতিল করার প্রস্তাব করছি।
  • প্রোডাকশনভিত্তিক বা পূরণভিত্তিক অথবা পিসরেট ভিত্তিক কাজের শ্রমিকদের কাজ দিতে না পারলে সেই সময় তার মজুরি হিসেবে ১ নং গ্রেডের মজুরি হিসেবে পরিশোধ করতে হবে। পিসরেট শ্রমিকদের সাধারণ কর্মঘণ্টার বাইরে অতিরিক্ত সময় কাজ করালে ওভার টাইম হিসাবে গণ্য হবে।
  • গ্রেডের পদোন্নতির ক্ষেত্রে দক্ষতা অনুযায়ী নিশ্চিত করতে হইবে। তবে উহা সর্বোচ্চ ৩ বছরের অধিক হইবে না।
শেয়ার করুন:WhatsAppXTelegram