বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ৪৬তম ও মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে বাসদ রংপুর জেলার উদ্যোগে ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব চত্বর থেকে লাল পতাকা র্যালি শুরু হয়ে কাচারি বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ রংপুর জেলা আহবায়ক জননেতা কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাইফুল ইসলাম পল্টু, জেলা সদস্য সচিব মমিনুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা সমন্বয়ক আতিয়ার রহমান, কৃষক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক অমল সরকার, শ্রমিক ফ্রন্ট মহানগর সংগঠক মিজানুর রহমান, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নগর সভাপতি হীরামনি আক্তার হাসি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক হৃদয় বর্মন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, শোষণ-বৈষম্যহীন একটি মানবিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে আজ থেকে ৪৬ বছর পূর্বে ১৯৮০ সালের ৭ নভেম্বর বাসদ আত্মপ্রকাশ করে। দলটি প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে জনজীবনের নানা সংকট, জাতীয় সম্পদ রক্ষা, প্রাণ-প্রকৃতি পরিবেশ রক্ষা, ক্ষুদ্র জাতিসত্তা, সমতল ও পাহাড়ি আদিবাসীদের অধিকার, মাঝারি ও ভারী শিল্প রক্ষা, কৃষকের ফসলের লাভজনক দাম, শ্রমিকের অধিকার রক্ষা, নারী ও শিশু নির্যাতন বন্ধ, সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন সর্বোপরি সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যখনই দেশের জনগণের উপর রাষ্ট্র মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিয়েছে তখনই বাসদ তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার প্রতিবাদ করেছে।
নেতৃবৃন্দ বলেন, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের সম্পদকে পরিকল্পিতভাবে দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করার কারণে দেশের অর্থনীতি বিদেশ নির্ভরতায় পর্যবসিত হয়েছে। দেশের সক্ষমতা বৃদ্ধির পরিবর্তে আমদানি নির্ভরতা, কমিশন বাণিজ্য, অসম চুক্তি দেশের অর্থনীতিকে ধ্বসিয়ে দিচ্ছে। আমাদের যেসব শ্রমিকরা বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত তাদের একটা বড় অংশের প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই। প্রতিনিয়ত তাদের অনিশ্চয়তা, নির্যাতন, ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হচ্ছে। শুধু মধ্যপ্রাচ্য থেকেই বছরে অন্তত শতাধিক লাশ আসছে। গ্যাস সংকটে দেশের কল-কারখানা প্রতিনিয়ত বন্ধ হচ্ছে, বেকারের সারি দীর্ঘ হচ্ছে। সেদিকে সরকারের খেয়াল নেই। দেশের লাভজনক একমাত্র নিউমুরিং কন্টেইনার টার্মিনাল তাও পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের লিজ দিয়েছে।
দরিদ্র থেকে অতিদরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে, ক্রয় ক্ষমতা হারিয়েছে। আট মাসের ব্যবধানে ১৩০০ টাকার গ্যাস সিলিন্ডারের দাম ২০০০ টাকা, ১০৪ টাকার ডিজেল হয়েছে ১৪৬ টাকা। কৃষকরা উৎপাদন খরচ তুলতে পারছে না। চলতি মৌসুমে সারের সংকট, বীজ ও উচ্চ মূল্যের কীটনাশক সরবরাহে বাড়তি খরচ হবে। কিন্তু উৎপাদিত ফসলের লাভজনক দাম নিশ্চিতে সরকারের পদক্ষেপ না থাকলে কৃষকরা আবারো ক্ষতিগ্রস্ত হবে। সরকার কৃষক কার্ড প্রদান করবে কিন্তু তা কৃষকদের কাছে কত বছরে পৌঁছবে তা নিয়ে সংশয় আছে।
রংপুর সিটি করপোরেশনেই প্রায় হাজার ভূমিহীন। এদের থাকার জায়গা নেই, স্থায়ী ব্যবসাক্ষেত্র নেই। এরা বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয়, রিক্সা-ভ্যান, হকার, গৃহকর্মী, ভ্রাম্যমাণ ফল ও সবজি বিক্রয় ইত্যাদি নানা কাজ করে জীবিকা নির্বাহ করছে। বিকল্প ব্যবস্থা না করে এদের উচ্ছেদ করলে সাময়িক সুবিধা হলেও পরবর্তীতে এটি বড় সামাজিক সংকট সৃষ্টি করবে।
রংপুরসহ সারাদেশ মাদকে সয়লাব। এর বলি হলেন রংপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবার। বিচার বিভাগীয় তদন্ত না হওয়ায় প্রকৃত হত্যাকারীদের বিচার নিয়েও জনমনে প্রশ্ন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কেমন তা বোঝা যায় কয়েকদিন আগে বেরোবির সামনে থেকে ১ ছাত্রকে অপহরণের ঘটনায়। সন্ধ্যার পর লালবাগ থেকে পার্কের মোড় পর্যন্ত ছিনতাইকারীদের ভয়ে লোকজন স্বাভাবিকভাবে চলাফেরায় ভীত।
নেতৃবৃন্দ বলেন, এমন অমানবিক বৈষম্যমূলক জীবন মানতে না পেরে এদেশের জনগণ বারবার অভ্যুত্থান করেছে। ৫২, ৬২, ৬৯, ৭১, ২৪ এ রক্ত ঝরিয়েছে; স্বাধীন রাষ্ট্র পেলেও কাঙ্ক্ষিত মুক্তি মেলেনি, বৈষম্য নিরসন হয়নি। বুর্জোয়াদের নেতৃত্বে তা সম্ভবও নয়।
সমাবেশের সভাপতি কমরেড কুদ্দুস বলেন, রংপুরের একমাত্র ভারী শিল্প শ্যামপুর চিনিকল বন্ধ, ভূমিহীনদের আবাসনের খাসজমি প্রভাবশালীদের দখলে, হকারসহ ভ্রাম্যমাণ ছোট ছোট ব্যবসায়ীরা তাদের জীবিকা নির্বাহ করতে পারছে না। চট্টগ্রাম নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ায় দেশে আমদানি পণ্যের বাজার কতিপয় ব্যক্তি ও কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়বে। পুঁজিবাদী ব্যবস্থায় এ সমস্যার সমাধান হবে না। তিনি আগামী দিনে বাসদসহ বামপন্থীদের নেতৃত্বে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।





