spb-logo

ই-রিক্সা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবিতে সংগ্রাম পরিষদের দেশব্যাপী সমাবেশ ও স্মারকলিপি

শেয়ার করুন:WhatsAppXTelegram
জাতীয় প্রেসক্লাবের সামনে সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার সমাবেশ
জাতীয় প্রেসক্লাবের সামনে সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার সমাবেশ

বিধিমালার অজুহাতে ব্যাটারি রিক্সা উচ্ছেদ ও কোন কোম্পানির হাতে জিম্মি করা যাবে না এবং বর্তমানে চলাচলরত ব্যাটারি রিক্সার কাঠামো পরিবর্তনে অন্তত ২ বছর সময় দিতে হবে: রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ

বিধিমালাকে ব্যাটারি রিক্সা উচ্ছেদের হাতিয়ার ও কোন কোম্পানির হাতে জিম্মি না করা এবং বর্তমানে চলাচলরত ব্যাটারি রিক্সার কাঠামো পরিবর্তনে অন্তত ২ বছর সময় প্রদান করাসহ সদ্য প্রণীত “ব্যাটারিচালিত রিক্সা (ই-রিক্সা) চলাচল বিধিমালা, ২০২৬” সংশোধনে ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১১ নভেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে এবং সমাবেশ শেষে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করা হয়। একই দিনে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে সংগ্রাম পরিষদের উদ্যোগে সমাবেশ, মিছিল ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়।

স্মারকলিপি পেশ করার পূর্বে সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি জালাল আহমেদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি শ্রমিক নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, কেন্দ্রীয় নেতা এস এম কাদির, মহানগর উপদেষ্টা আফজাল হোসেন, মহানগর শাখার সদস্য সাবেক ছাত্র নেতা রায়হান উদ্দীন, পায়েল আক্তার নুপুর, সেকান্দার আলী, মো. হাসান, বাবু হাসান।

সমাবেশে বক্তাগণ বলেন, ২০১৩ সাল থেকে দেশব্যাপী প্রথম ও একমাত্র জাতীয় সংগঠন হিসেবে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, সিলেটসহ ৪৬টি জেলায় রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে ব্যাটারিচালিত যানবাহনের বৈধতার দাবিতে আন্দোলন করে আসছে। বেশ কয়েকবার স্মারকলিপির মাধ্যমে নীতিমালা, বিধিমালা এবং আধুনিকায়নের ব্যাপারে সুপারিশ দিয়েছে, আজকের এই বিধিমালা আমাদের ধারাবাহিক আন্দোলনের ফসল। কিন্তু শুরু থেকেই এতগুলি গুরুতর অসংগতি বা অস্পষ্টতা নিয়ে যাত্রা শুরু করলে ৬০ লক্ষ যানবাহনের খাতে বা সড়ক ব্যবস্থাপনায় এই বিধিমালা শৃঙ্খলার পরিবর্তে জটিলতা সৃষ্টি করতে পারে। রিক্সা খাতে জনগণের বিপুল বিনিয়োগ আছে আর জীবিকার উপকরণ ধ্বংস করা কোনভাবেই কাম্য নয়। ফলে আমরা আশা করব বিধিমালাকে বিদ্যমান গাড়ি উচ্ছেদের হাতিয়ার না করে বর্তমানে রাস্তায় চলাচলরত গাড়ির কাঠামো পরিবর্তনের জন্য কমপক্ষে ২ বছর প্রদান করতে হবে।

বক্তারা বলেন, যে কোন একটা যানবাহনের কেন্দ্রে থাকে চালক, কিন্তু বিধিমালার কোথাও চালকদের লাইসেন্স নেওয়ার বিষয়টি উল্লেখ নাই। একজন চালক প্রশিক্ষণ বা লাইসেন্স ছাড়া কিভাবে ব্যাটারি রিক্সা চালাবে। ফলে বিধিমালায় গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে চালকদের লাইসেন্সের বিষয়টি সংযোজন করার জোর দাবি বা প্রস্তাবনা থাকবে। তাঁরা ই-রিক্সার লাইসেন্স, ফিটনেস ও উৎপাদনের অনুমোদন প্রক্রিয়ায় বিআরটিএকে অন্তর্ভুক্ত করা, প্রকৃত চালক-মালিকদের লাইসেন্স ও নিবন্ধন প্রাপ্তি নিশ্চিত করা এবং নিবন্ধন-নবায়ন ফি কমানোর আহ্বান জানান।

সৌর বিদ্যুৎ ব্যবহার ও গাড়ির বীমা প্রসঙ্গে বক্তারা বলেন, সৌর বিদ্যুৎ অনেক ব্যয়বহুল, যা রিক্সা চালক বা ক্ষুদ্র মালিকের পক্ষে বহন করা সম্ভব নয়। ফলে মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে চার্জিং স্টেশন স্থাপন করা এবং কোন গাড়ি বা বীমা কোম্পানির কাছে রিক্সাকে জিম্মি না করারও আহ্বান জানান বক্তাগণ। একই সাথে ঢাকা মহানগরের প্রধান সড়ক চিহ্নিত করে তার তালিকা প্রকাশ করা, বিধিমালা সংশোধন ও সংযোজন প্রক্রিয়ায় সকল অংশীজনকে যুক্ত করাসহ সংগ্রাম পরিষদের ৯ দফা দাবি বা প্রস্তাবনা মেনে সরকার নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন করবেন বলে সংগ্রাম পরিষদ প্রত্যাশা করছে। এ ক্ষেত্রে সংগ্রাম পরিষদের সহযোগিতা থাকবে। কিন্তু ৯ দফা নিয়ে গড়িমসি বা উপেক্ষা করলে সংগ্রাম পরিষদ পরবর্তীতে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।

সমাবেশ শেষে সংগ্রাম পরিষদের একটি মিছিল প্রেসক্লাব, কদম ফোয়ারা, শিক্ষা ভবন, হাইকোর্ট মোড়, বংশাল হয়ে নগর ভবনের গেটে এসে শেষ হয়। সেখান থেকে সংগ্রাম পরিষদের নেতা এস এম কাদির ও মহানগর শাখার সহ-সভাপতি জালাল আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের হাতে এবং সংগ্রাম পরিষদ নেতা রায়হান উদ্দীন ও পায়েল আক্তার নুপুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের একান্ত সচিব উপ-সচিব মো. আব্দুল্লাহর হাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য প্রেরিত স্মারকলিপি প্রদান করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের হাতে সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের হাতে সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগ্রাম পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সকাল ১১টায় আগ্রাবাদ চৌমুহনী মোড়ে শ্রমিক সমাবেশ ও মিছিল শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক ও বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়। উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব মো. মনির, ২৪ নং ওয়ার্ডের সভাপতি মো. মারুফ হাওলাদার, মহি উদ্দিন, মিজান, রফিক, রাজু, ২৭ নং ওয়ার্ডের সদস্য শান্ত, ৪১ নং ওয়ার্ডের সদস্য মো. মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন সংগ্রাম পরিষদের সদস্য আহমদ জসিম।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের এমন কোন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নেই যেখানে ব্যাটারিচালিত রিক্সা, ইজিবাইক বা ব্যাটারিচালিত যানবাহন চলে না। এই বাহন একদিকে কর্মসংস্থান, অন্যদিকে সাধারণ মানুষের সস্তা বাহনে পরিণত হয়েছে। কিন্তু বিগত ১৩ বছর ধরে বারবার এইসব বাহনকে অবৈধ আখ্যা দিয়ে কখনো ডাম্পিং করা, কখনো উচ্ছেদ করা, রিক্সা গ্যারেজ বন্ধ করে দেয়া, গ্রেফতার ও হয়রানি করা হয়েছে।

চট্টগ্রামে আগ্রাবাদ চৌমুহনী মোড়ে সংগ্রাম পরিষদের সমাবেশ ও মিছিল
চট্টগ্রামে আগ্রাবাদ চৌমুহনী মোড়ে সংগ্রাম পরিষদের সমাবেশ ও মিছিল

বরিশাল

বরিশালে সকাল ১০টায় অশ্বিনী কুমার হলচত্বরে সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক ও বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজি. নং খুলনা ২৩২৪) সভাপতি দুলাল মল্লিক। বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ও বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী। সংহতি বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু আল রায়হান এবং পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বরিশাল ৬৩) সভাপতি জসিম গাজী। এছাড়া বক্তব্য রাখেন রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতা মহসিন মীর, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, দপ্তর সম্পাদক আবদুল রাজ্জাক, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক রমজান আকন ও আইয়ুব আলী তালুকদার প্রমুখ।

বরিশালে অশ্বিনী কুমার হলচত্বরে সংগ্রাম পরিষদের সমাবেশ
বরিশালে অশ্বিনী কুমার হলচত্বরে সংগ্রাম পরিষদের সমাবেশ
বরিশালের সমাবেশে চালক-শ্রমিকদের উপস্থিতি
বরিশালের সমাবেশে চালক-শ্রমিকদের উপস্থিতি

সিলেট

সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) বরাবর ৯ দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।

সিলেটে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) বরাবর সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের স্মারকলিপি পেশ
সিলেটে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) বরাবর সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের স্মারকলিপি পেশ

কুমিল্লা

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লার মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর সংগ্রাম পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি কমরেড নাসিরুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক কমরেড রফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়। প্রশাসকের সাথে আলোচনায় অংশ নেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও বাসদ কুমিল্লা জেলা সমন্বয়ক কমরেড আবদুর রাজ্জাক।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লার মাধ্যমে সংগ্রাম পরিষদ কুমিল্লা জেলা শাখার স্মারকলিপি প্রদান
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লার মাধ্যমে সংগ্রাম পরিষদ কুমিল্লা জেলা শাখার স্মারকলিপি প্রদান

ফেনী

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগ্রাম পরিষদ ফেনী জেলার উদ্যোগে ফেনীতে মিছিল ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জীবিকার নিশ্চয়তা, সড়কের শৃঙ্খলা এবং ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা-বিধিমালা, লাইসেন্স ও আধুনিকায়নের ৯ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

ফেনীতে সংগ্রাম পরিষদের মিছিল
ফেনীতে সংগ্রাম পরিষদের মিছিল

স্মারকলিপিতে উত্থাপিত ৯ দফা সুপারিশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে সংগ্রাম পরিষদ বলেছে, ১৩ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর ২০২৬ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে “সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিক্সা (ই-রিক্সা) চলাচল বিধিমালা, ২০২৬” জারি করেছে। সারা দেশে ৬০ লক্ষ ব্যাটারিচালিত যানবাহন এবং এর সাথে প্রত্যক্ষ-পরোক্ষভাবে যুক্ত ৩ কোটি মানুষের এই খাত নিয়ে প্রথমবারের মত বিধিমালা প্রণয়নের সিদ্ধান্তকে সংগ্রাম পরিষদ প্রাথমিকভাবে স্বাগত জানায়। তবে বিধিমালার বেশ কিছু নেতিবাচক দিক সংশোধন, পরিবর্তন ও স্পষ্টীকরণ না করলে তা সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার বদলে আশঙ্কা ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এ লক্ষ্যে সংগঠনটি নিম্নোক্ত ৯ দফা সুপারিশ তুলে ধরেছে:

  1. চালকসহ সংশ্লিষ্টদের সুরক্ষা দিতে হবে, রিক্সা উচ্ছেদের হাতিয়ার হিসেবে বিধিমালা ব্যবহার করা যাবে না, চলমান রিক্সার কাঠামো পরিবর্তনের জন্য কমপক্ষে ২ বছর সময় দিতে হবে। বিধিমালার তৃতীয় অধ্যায়ের ৬(৩) ধারায় বুয়েট স্বীকৃত আদর্শ কাঠামো যুক্ত না হলে ই-রিক্সাকে অবৈধ আখ্যায়িত করে বন্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে, অথচ আদর্শ কাঠামোর ডিজাইন স্পেসিফিকেশন বিধিমালায় সুনির্দিষ্ট করা হয়নি। দ্বিতীয় অধ্যায়ের ৪(১৩) ধারায় বিদ্যমান গাড়িকে আদর্শ কাঠামোতে রূপান্তরের কথা থাকলেও কোন সময়সীমা নির্ধারণ করা হয়নি। তাই কমপক্ষে ২ বছর সময়সীমা নির্ধারণ এবং আবেদন ফরমে সংশ্লিষ্ট সংশোধনের ধারা সংযুক্ত করার দাবি।
  2. নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা। কোন ধরনের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ না করে প্রকৃত চালক-মালিকের লাইসেন্স প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
  3. চালকের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া বিধিমালায় অন্তর্ভুক্ত করতে হবে। বিধিমালায় উৎপাদন লাইসেন্স ও চার্জিং পয়েন্ট লাইসেন্সের কথা থাকলেও চালকের লাইসেন্সের কথা নেই, অথচ ১৯ নং ধারায় চালককে শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে। আপাতত মালিকদের পক্ষ থেকে চালকদের পরিচিতি কার্ড দেওয়ার প্রস্তাবে কার্ড সিন্ডিকেট, হয়রানি ও দুর্নীতির আশঙ্কা রয়েছে। তাই বিআরটিএকে যুক্ত করে চালকের লাইসেন্স প্রাপ্তির বৈধ প্রক্রিয়া এবং তফসিল-২ এ চালকের লাইসেন্স বা লার্নার ফরম যুক্ত করার প্রস্তাব।
  4. অযৌক্তিক ফি কমাতে হবে। ২ সিটের ই-রিক্সার জন্য ৮০০০ টাকা এককালীন নিবন্ধন ফি ও বাৎসরিক ৪০০০ টাকা নবায়ন ফি এবং ৪ সিটের জন্য ১০,০০০ টাকা নিবন্ধন ফি ও বাৎসরিক ৫০০০ টাকা নবায়ন ফি পায়ে চালিত রিক্সার চেয়ে কমপক্ষে ১০ গুণ বেশি। অংশীজনদের সাথে পরামর্শ করে ফি পুনর্নির্ধারণের দাবি।
  5. ই-রিক্সার সংখ্যা নির্ধারণের প্রক্রিয়ায় চালকসহ সকল অংশীজনকে অন্তর্ভুক্ত করতে হবে। সংখ্যা নির্ধারণে কেবল সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগের পরামর্শের কথা বলা হয়েছে, এ খাতে ক্রিয়াশীল সংগঠনগুলির মতামত নেয়ার কথা নেই।
  6. মহাসড়কের পাশে ই-রিক্সার জন্য সাইডলেন চালু করার নির্দেশনা অন্তর্ভুক্ত করতে হবে। মহাসড়ক বা প্রধান বাস চলাচলের সড়কে ই-রিক্সা নিষিদ্ধ করা হলেও কোনগুলো প্রধান সড়ক তা উল্লেখ না থাকলে জটিলতা ও হয়রানি বাড়বে। কোন রাস্তায় ই-রিক্সা চলবে তা অংশীজনদের সাথে কথা বলে নির্ধারণ করতে হবে।
  7. সৌর বিদ্যুৎ ব্যবহার বা বীমা বাধ্যতামূলক না করা। চার্জিং স্টেশনে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করলে ক্ষুদ্র উদ্যোক্তারা পথে বসবেন এবং এসব যানবাহন বড় ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে যাবে; বীমার ধারাও চালক-মালিকদের বীমা কোম্পানির কাছে জিম্মি করবে। এই ধারাসমূহ বাতিল এবং গুরুত্বপূর্ণ স্থানে চার্জিং স্টেশন স্থাপনের বিষয় বিধিমালায় সংযোজনের প্রস্তাব।
  8. লাইসেন্স, ফিটনেস ও উৎপাদনের অনুমোদন প্রক্রিয়ায় বিআরটিএকে যুক্ত করতে হবে, গাড়ি উৎপাদনে কোন কোম্পানিকে নির্দিষ্ট করা যাবে না। উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়ার সুপারিশ কমিটিতে বিআরটিএ নেই। সরকারের সনদপ্রাপ্তি সাপেক্ষে স্থানীয় উৎপাদকেরা অনুমোদিত ডিজাইনে গাড়ি উৎপাদনের অনুমতি পেলে কোন সিন্ডিকেট বা মনোপলি তৈরি হবে না।
  9. সিটি কর্পোরেশনের বাইরে সারা দেশকে বিধিমালায় স্পষ্ট করে অন্তর্ভুক্ত করা। “কর্তৃপক্ষ” এর সংজ্ঞায় অন্য কর্তৃপক্ষের কথা থাকলেও পুরো বিধিমালায় ও শিরোনামে কেবল সিটি কর্পোরেশনের নাম থাকায় পৌরসভা, উপজেলা পরিষদসহ অন্যান্য স্থানীয় সরকার কাঠামো নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে।

স্মারকলিপিতে সংগ্রাম পরিষদ জানায়, রিক্সা চালকসহ শ্রমজীবীদের জীবন ও জীবিকার স্বার্থে তারা মন্ত্রণালয়ের সাথে আলোচনা বা সহায়তা করতে প্রস্তুত, এবং একটি সাশ্রয়ী, পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ৯ দফা প্রস্তাবনা গুরুত্বের সাথে গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা জানায়।

শেয়ার করুন:WhatsAppXTelegram