ঘোষিত মজুরি পুনর্বিবেচনার দাবিতে ২৯ নভেম্বর মজুরি বোর্ড ঘেরাও
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকার প্রস্তাবনা প্রত্যাহার করে শ্রমিকদের মনুষ্যোচিত জীবনযাপনের উপযোগী মজুরি পুনর্নির্ধারণের দাবিতে আজ ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)-এর আহ্বানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জি-স্কপের নেতা আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জি-স্কপের সমন্বয়ক আসাদুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য খালেকুজ্জামান লিপন, সেলিম মাহমুদ, সরদার খোরশেদ, নুরুল আমিন, তৈয়বুর রহমান তোহা, সাইফুল ইসলামসহ জি-স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিলোপের প্রতিশ্রুতির আহ্বানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সর্বোচ্চ সংখ্যক শ্রমিক জীবন দিয়েছিল। অথচ অভ্যুত্থান পরবর্তী সরকারের সময়েও শ্রমিকদের আন্দোলন করে মজুরি বোর্ড আদায় করতে হয়েছে। ক্ষুধার যন্ত্রণা আর বৈষম্য বিলোপের প্রতিশ্রুতির প্রেক্ষিতে শ্রমিকরা পে-স্কেলের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য প্রস্তুতকারী হিসেবে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ মজুরির দাবি জানিয়েছিল। শ্রমিকরা প্রত্যাশা করেছিল এমন একটি মজুরি, যা দিয়ে মনুষ্যোচিত জীবনযাপন করা যাবে, দারিদ্র্যসীমা অতিক্রম করা যাবে।
তাঁরা বলেন, মজুরি আলোচনা চলাকালেই বিজিএমইএ সভাপতি বলেছিলেন, নতুন মজুরি ভিয়েতনামের মতো না হলেও ভারতের শ্রমিকদের চেয়ে ১০ ডলার বেশি হতে পারে। ভারতের গার্মেন্টস শ্রমিকদের গড় মজুরি ১৯২ ডলার। সে হিসাবে ১০ ডলার কম হলেও মজুরি হয় ১৮২ ডলার, যা টাকায় ২২ হাজার টাকার বেশি। অর্থাৎ মালিকরা সক্ষমতার কথা প্রকাশ করলেও মজুরি বোর্ড শ্রমিকদের জন্য যথাযোগ্য মজুরি আদায়ে ব্যর্থ হয়েছে। যে কারণে শ্রমিকরা রাস্তায় নেমেছিল, ঘোষিত মজুরি সেই অসন্তোষ নিরসন করবে না। ভয় দেখিয়ে, দমন-পীড়ন চালিয়ে শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে বাধ্য করা যাবে, কিন্তু সঞ্চিত ক্ষোভ যেকোনো সময় পুনরায় বিস্ফোরিত হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা নিজেদের মুখ রক্ষা করতে গিয়ে মজুরি নির্ধারণে ভোটাভুটির এমন এক নজির স্থাপন করলেন, যা মজুরি বোর্ডের ওপর শ্রমিকদের আস্থা নষ্ট করবে। ছয় সদস্যের মজুরি বোর্ডে মাত্র দুইজন শ্রমিক প্রতিনিধি জানার পরও ভোটাভুটিতে অংশগ্রহণ নিজেদের অবস্থানের বৈধতা দেওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয়। শ্রম আইনের ১৪১ ধারায় সুনির্দিষ্ট ১১টি মানদণ্ড এবং বাজারদরের বিবেচনায় প্রণীত যুক্তিই মজুরি নির্ধারণের প্রধান ভিত্তি হওয়ার কথা, ভোটাভুটি নয়। মজুরি বোর্ডের ঘোষিত গ্রেড কাঠামোর মজুরি পার্থক্যও গ্রহণযোগ্য নয়।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জি-স্কপ মজুরি নির্ধারণে সরাসরি সরকারের হস্তক্ষেপকে সমর্থন করে না। কিন্তু মজুরি বোর্ড শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় সরকারকে এই মজুরি ঘোষণা পুনর্বিবেচনা করে শ্রমিকদের জন্য মনুষ্যোচিত মজুরি নির্ধারণের পদক্ষেপ নিতে হবে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের প্রতিবাদকে রাজনৈতিক রং লাগানোর যে অপচেষ্টা করছেন, সমাবেশ থেকে তার নিন্দা জানানো হয়।
সমাবেশ থেকে ঘোষিত ন্যূনতম মজুরি এবং গ্রেড প্রতি মজুরি পার্থক্য পুনর্বিবেচনা করে নতুন মজুরি নির্ধারণের দাবিতে আগামী ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, সকাল ১১টায় মজুরি বোর্ড ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।
জি-স্কপের যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।





