আজ ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, শহরের মুক্তির মোড় শহীদ মিনারে মহান রুশ বিপ্লবের ১০৯তম ও বাসদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাসদ নওগাঁ জেলার উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা বাসদের আহ্বায়ক কমরেড জয়নাল আবেদীন মুকুলের সভাপতিত্বে ও বাসদ জেলা কমিটির সদস্য কমরেড কালিপদ সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, নবকুমার কর্মকার। আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কৃষকনেতা রবিউল টুডু, বাসদ জেলা কমিটির সদস্য দেবলাল টুডু, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা কমিটির আহ্বায়ক ডা. বিষ্ণু পদ সরকার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা কমিটির সভাপতি নারীনেত্রী বিথী রাণী সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ জেলার সভাপতি ছাত্রনেতা মিজানুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংকট আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। আকাশচুম্বী বেকারত্ব, ক্রমবর্ধমান দারিদ্র্য, অসহনীয় দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলার অবনতি, মব সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফালন অতীতের সব রেকর্ড ভেঙেছে।
তাঁরা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ যেমন ভারতের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, তেমনি ইউনূস সরকার, বিএনপি, জামায়াত, এনসিপি আমেরিকার হাতে দেশ তুলে দিচ্ছে। আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি, নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার মধ্য দিয়ে দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হচ্ছে। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনে নাভিশ্বাস তুলেছে। ন্যূনতম মজুরির আন্দোলনে পুলিশ গুলি করে ২ জন গার্মেন্টস শ্রমিককে হত্যা করেছে, যা অতীতের ফ্যাসিবাদী সরকারেরই ধারাবাহিকতা। ফলে দল বদলায়, সরকার পাল্টায়, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। এজন্য এই পুঁজিবাদী ব্যবস্থাকে দায়ী করেন বক্তারা।
মহান রুশ বিপ্লবের শিক্ষায় এবং মহান মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনায় সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করার আহ্বান জানান বক্তারা।
এর আগে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও লাল পতাকা হাতে একটি সুসজ্জিত মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র, নওগাঁ জেলার শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।






