spb-logo

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বাসদ: সাম্রাজ্যবাদের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেয়া যাবে না

শেয়ার করুন:WhatsAppXTelegram
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাসদের আলোচনা সভা

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর উদ্যোগে আজ ১৭ নভেম্বর ২০২৬ বিকাল ৪:৩০টায় সেগুনবাগিচাস্থ ভ্যানগার্ড মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, দলের সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন ও সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস।

মওলানা ভাসানীর প্রতিকৃতিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
মওলানা ভাসানীর প্রতিকৃতিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করলেও তার জীবনের বড় অংশ কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের পক্ষে সোচ্চার ছিলেন। তিনি ভারতের দেওবন্দ থেকে শিক্ষা শেষে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন বা কোন ধর্মভিত্তিক দলের গোঁড়া নেতা না হয়ে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ বিরোধী আপসহীন সংগ্রাম আমৃত্যু করে গেছেন। আজ বাংলাদেশসহ পুরো ভারতবর্ষে যখন প্রবল সাম্প্রদায়িকতার জোয়ার চলছে, এর বিরুদ্ধে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক চেতনার মানুষ লড়াই করছে, সে ক্ষেত্রে মাওলানা ভাসানী আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রেরণা হিসেবে কাজ করছে।

১৯৪৭ সালের দেশভাগের আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আসাম মুসলিম লীগের সভাপতি ছিলেন। কিন্তু পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগের অপশাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গড়ে তোলেন আওয়ামী মুসলিম লীগ। একটা পর্যায়ে এসে ‘মুসলিম’ শব্দটিও বাদ দিয়ে গড়ে তোলেন আওয়ামী লীগ। ১৯৫৭ সালে পাকিস্তানী শাসকগোষ্ঠীকে ‘আসসালামু আলাইকুম’ বলে বিদায় জানিয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি তৈরিতে তাঁর বিশাল ভূমিকা রয়েছে। তিনি সন্তোষে সাংস্কৃতিক সম্মেলন আয়োজন করেছিলেন, তা আজও সংস্কৃতি আন্দোলনের ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস হিসেবে রয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা যে সময় মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন করছি, সে সময় দেশ গভীর সংকটে নিমজ্জিত। জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে, বাড়ছে কর্মহীনতা। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। ন্যূনতম মজুরি বাস্তবায়নের জন্য শ্রমিকদের রাজপথে জীবন দিতে হচ্ছে। নির্বাচিত সরকারের সময়ও মব সন্ত্রাস অব্যাহত রয়েছে। বিদ্যুৎ, এলপিজিসহ জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে।

মাওলানা ভাসানী ফারাক্কা বাঁধের বিরুদ্ধে লংমার্চ করেছিলেন। তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে গেছেন। আমরা বিগত আওয়ামী সরকারের সময় দেখেছি ভারতের সাথে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ নানাবিধ প্রকল্প গ্রহণ করতে, অথচ তিস্তাসহ বিভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতে ব্যর্থ হয়েছে। ঠিক তেমনি বর্তমান সরকারও ইউনূস সরকারের করা আমেরিকার সাথে দাসত্বের বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম, বোয়িং বিমান, এলপিজি কিনছে। এতে আমাদের কৃষি-শিল্প ক্ষতিগ্রস্ত হবে, স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। শুধু তাই নয়, চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড এর কাছে ইজারা দেয়ার চুক্তি করা হয়েছে। সৌদি আরবের নেতৃত্বে প্রতিরক্ষা জোটে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এতে আমাদের দেশও নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

কোন সাম্রাজ্যবাদী শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেয়া যাবে না।

বাসদ নেতৃবৃন্দ, মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায়

নেতৃবৃন্দ মাওলানা ভাসানীর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে এ দেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ও অসম বাণিজ্য চুক্তিসহ দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে রাজপথের লড়াই জোরদার করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন:WhatsAppXTelegram