spb-logo

ইডেন কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের নবীনবরণ অনুষ্ঠিত

শেয়ার করুন:WhatsAppXTelegram
ইডেন কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের নবীনবরণে অডিটোরিয়ামভর্তি শিক্ষার্থী

“হে নূতন,
তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন
সূর্যের মতন।”

এই স্লোগানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজ শাখার ২০২৫-২৬ সেশনের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ নভেম্বর সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২০২৫-২৬ সেশনের নবীনবরণে আলোচনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রিনা মুরমু এবং ঢাকা নগর শাখার সভাপতি অনিক কুমার দাস।

নবীনবরণে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবাইয়া ইসলাম এবং সঞ্চালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক তাসনিম জাহান।

নবীনবরণে বক্তব্য রাখছেন অতিথিরা
নবীনবরণে বক্তব্য রাখছেন অতিথিরা

২০২৫-২৬ সেশনের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত নবীনবরণে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ডা. মনীষা চক্রবর্তী বলেন, “গত ২২ বছরে দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের দেশের শিক্ষার বাজেট সবচেয়ে কম। যার ফলে মাত্র ৬% শিক্ষার্থী উচ্চশিক্ষায় প্রবেশ করতে পারে।”

তিনি আরো বলেন, “২৪ এর গণঅভ্যুত্থানে নারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করলেও কোনো নেতৃত্বে তারা নেই, তাদেরকে কৌশলে সরিয়ে দেয়া হয়েছে।” ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী ও ইডেন কলেজের সাবেক ছাত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারকে স্মরণে তিনি বলেন, “প্রীতিলতার ব্রিটিশবিরোধী সংগ্রাম ও ত্যাগ আজকের দিনে আমাদের জন্য অনুপ্রেরণা। তাঁকে শুধু অল্পবিস্তর পাঠ্যবইতে স্মরণে রাখা যথেষ্ট নয়। আরো বড় পরিসরে তাঁকে নিয়ে চর্চা হওয়া উচিত।”

নবীনবরণে আলোচনা পর্ব
নবীনবরণে আলোচনা পর্ব

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রিনা মুরমু বলেন, “কলেজ-বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট দূর করা, স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণ, সারাবছর ক্লাস, শিক্ষার ব্যয়বৃদ্ধি রোধ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, পরিবহন ও মেডিকেল সেবা ইত্যাদির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম পরিচালনা করছে। আপনারাও সমাজ-সংস্কৃতি বদলের এই সংগ্রামে যুক্ত হবেন বলে আশা করি।”

সভাপতির বক্তব্যে রুবাইয়া ইসলাম বলেন, “অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা। নবীনদের পদচারণায় ক্যাম্পাস আরো মুখরিত হোক। আগামীদিনে শিক্ষা, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাসসহ নানামুখী সংকটে আমরা একসাথে লড়াই করবো, সেই লড়াইয়ে সকলেই শরীক হবেন বলে প্রত্যাশা করি।”

ইডেন কলেজ অডিটোরিয়ামে ৫ শতাধিক নবীন শিক্ষার্থী
অডিটোরিয়ামে উপস্থিত ৫ শতাধিক নবীন শিক্ষার্থী

আলোচনা শেষে ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, গান, একক ও দলীয় নৃত্য পরিবেশিত হয়। ঐতিহ্যবাহী লাঠি খেলা পরিবেশন করেন শিল্পী শাহিনা সুলতানা দিজু।

নবীনবরণের সাংস্কৃতিক পরিবেশনা
আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনা
শেয়ার করুন:WhatsAppXTelegram