spb-logo

নারায়ণগঞ্জে বাসদের জনসভা: মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি

শেয়ার করুন:WhatsAppXTelegram
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বাসদের জনসভায় বক্তব্য রাখছেন কমরেড বজলুর রশিদ ফিরোজ

অসম মার্কিন বাণিজ্য চুক্তি এবং চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার চুক্তি বাতিল এবং বর্তমান বাজারদর বিবেচনায় গার্মেন্টসের ঘোষিত মজুরি কাঠামো পুনর্নির্ধারণের দাবি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৩টায় চাষাঢ়াস্থ শহীদ মিনারে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার শুরুতে ব্যানার ও ফেস্টুন সম্বলিত একটি লাল পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে। চারণ সাংস্কৃতিক কেন্দ্র গণসংগীত পরিবেশন করে।

নারায়ণগঞ্জ শহরে বাসদের লাল পতাকা মিছিল
জনসভার আগে নারায়ণগঞ্জ শহরে বাসদের লাল পতাকা মিছিল

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় শীর্ষ নেতা ও সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমন্বয়ক জননেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ।

বাসদের জেলা আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব কমরেড আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন, বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এম এ মিল্টন ও দলের ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিবনাথ চক্রবর্তী এবং বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলেমান দেওয়ান।

নারায়ণগঞ্জে বাসদের জনসভায় বক্তব্য রাখছেন জেলা আহ্বায়ক নিখিল দাস
জনসভায় সভাপতির বক্তব্য রাখছেন বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস

কমরেড ফিরোজ বলেন, ১৯১৭ সালের ৭ নভেম্বর মহামতি লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর বুকে প্রথম শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লব মানবসভ্যতাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের নিশ্চয়তা বিধান করেছিল। ইতিহাস, দর্শন, শিল্প-সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, মহাকাশ গবেষণায় এক অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছিল। নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার এই ব্যবস্থা ১৯৩৭ সালে ঘোষণা করেছিল, রাশিয়ায় কোনো বেকার নেই, ভিক্ষুক নেই, পতিতা নেই। ১৯২৯ সালের মহামন্দায় উন্নত ধনতান্ত্রিক দেশগুলো যখন ধুঁকছিল, ঠিক তখনই কমরেড স্ট্যালিনের নেতৃত্বে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে সমাজতান্ত্রিক রাশিয়ার প্রবৃদ্ধি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে শক্তিশালী সমাজতান্ত্রিক শিবির না থাকলেও দুনিয়ার দেশে দেশে শ্রমজীবী-শোষিত-বঞ্চিত মানুষের কাছে সমাজতন্ত্রের আকাঙ্ক্ষা ও সংগ্রাম চলমান।

কমরেড ফিরোজ আরও বলেন, আমাদের দেশে গভীর সংকট বিরাজমান। আকাশচুম্বী বেকারত্ব, ক্রমবর্ধমান দারিদ্র্য, অসহনীয় দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলার চরম অবনতি ও জানমালের নিরাপত্তাহীনতা, মব ও সন্ত্রাস, উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফালন, নারী ও শিশু নির্যাতন, খুন-ধর্ষণ ও মাদকের বিস্তার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সরকার ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্পকলকারখানা দেশি-বিদেশি লুটেরাদের হাতে নামমাত্র দামে বিক্রি করে দিচ্ছে।

সরকারের ভুলনীতি, দুর্নীতি ও অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে পড়ে কৃষক ধান-গম, আলু-পেঁয়াজসহ ফসলের লাভজনক দাম পাচ্ছে না। সার-সেচ, বীজ-কীটনাশকসহ সকল কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়ছে। বাজারে সার না পেয়ে গুদাম থেকে সার আনতে গিয়ে কৃষক মামলাসহ নানা হয়রানির শিকার হচ্ছে। ডেঙ্গু জ্বরে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে।

নারায়ণগঞ্জে বাসদের লাল পতাকা মিছিলে ব্যানার হাতে নেতাকর্মীরা
বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকীর মিছিলে নেতাকর্মীরা

কমরেড ফিরোজ বলেন, ড. মুহাম্মদ ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি করে আমাদের দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। বিএনপি সরকার দাসত্বের ওই চুক্তি বাতিল না করে বাস্তবায়ন করে চলেছে। এতে দেশের শিল্প, কৃষি, ওষুধশিল্প ধ্বংস হবে, জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়ছে। ইতোমধ্যে গ্যাস, বিদ্যুৎ, ডিজেলসহ জ্বালানির দাম দফায় দফায় বৃদ্ধি করছে সরকার।

লাভজনক চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া হয়েছে। ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনি ও সুন্দরবনের আকরাম পয়েন্টে এলএনজি টার্মিনাল নির্মাণের মতো পরিবেশ বিধ্বংসী অপতৎপরতা চালাচ্ছে।

তিনি আরও বলেন, সরকার পে-স্কেল ঘোষণা করে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে, অথচ ন্যূনতম মজুরি ঘোষণা করতে মজুরি বোর্ড গঠনে গড়িমসি করায় সৃষ্ট তীব্র শ্রমিক আন্দোলনের চাপে তা গঠন করে এবং ২৫ নভেম্বর মজুরি বোর্ড মালিকদের মতের ওপর ভিত্তি করে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। বর্তমান বাজারদর বিবেচনায় শ্রমিকরা এটা গ্রহণ করেনি। ফলে শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ চলছে। শ্রমিক আন্দোলনের ওপর সরকার দলীয় ঠ্যাঙাড়ে বাহিনী ও পুলিশ ব্যাপক নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। ইতোমধ্যে তৌফিক নামে একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শ্রমিকরা যাতে তার পরিবার নিয়ে ন্যূনতম অর্থে একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে, এ রকম একটি মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে। তাই মজুরি বোর্ডকে তার ঘোষিত মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করতে হবে।

নারায়ণগঞ্জে বাসদের জনসভায় বক্তব্য রাখছেন কমরেড আবু নাঈম খান বিপ্লব
জনসভায় বক্তব্য রাখছেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব কমরেড আবু নাঈম খান বিপ্লব

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সারা দুনিয়ায় আজ সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসন-লুণ্ঠন চলছে। এর কবল থেকে মুক্তি পেতে হলে পুঁজিবাদী দুঃশাসন, সাম্রাজ্যবাদী আগ্রাসন, মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সমাজতন্ত্র-সাম্যবাদ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার কোনো বিকল্প নেই। নেতৃবৃন্দ উল্লেখ করেন, কেবল সমাজতন্ত্রই পারে সাম্রাজ্যবাদকে মোকাবিলা করতে।

শেয়ার করুন:WhatsAppXTelegram