নতুন মজুরি বোর্ডের দ্রুত সভা করে পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে মিরপুর, উত্তরা, টঙ্গী, গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জের ফতুল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলছে। সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিলেও দ্রুত কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হওয়া, কারখানা মালিকদের বকেয়া মজুরি পরিশোধ না করা, অন্যায়ের প্রতিবাদকারী শ্রমিকদের ব্ল্যাকলিস্ট করে কোনো কারখানায় চাকরির পথ রোধ করে বেকার করে রাখা, চাকরি অবসানের পর পাওনা পরিশোধে গড়িমসি করা, এমনকি আত্মসাৎ করা, ওভারটাইমের মজুরি ঠিকমতো পরিশোধ না করাসহ শ্রম আইন লঙ্ঘনের অসংখ্য ঘটনা, আর ন্যায্য দাবিতে আন্দোলন এবং অন্যায়ের প্রতিবাদ করলে মালিকের পক্ষ নিয়ে ঝুট ব্যবসায়ী ও স্থানীয় সরকার দলীয় লোকদের নিপীড়ন শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে যার বিস্ফোরণ এই বিক্ষোভের মাধ্যমে ঘটছে বলে মনে করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্র নেতা রিনা মুরমু ও সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ আজ ৪ নভেম্বর ২০২৬ সংবাদপত্রে প্রকাশের জন্য দেওয়া এক যুক্ত বিবৃতিতে শ্রমিক হত্যার বিচার ও আহত শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং নিহত শ্রমিকের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান, মিথ্যা মামলা প্রত্যাহারসহ সবধরনের হয়রানি বন্ধ করে আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রতিনিয়ত দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুতসহ জ্বালানি, গাড়িভাড়া-বাড়িভাড়া বৃদ্ধির ফলে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ভার বাড়ছে। সর্বশেষ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডার প্রতি ২২৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা যা জিনিস পত্রের দাম আরেক দফা বাড়িয়ে দেবে। বিপরীতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাচ্ছে না যা শ্রমিকদের জীবন যাপনকে অসহনীয় করে তুলেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ’২৪-এর গণঅভ্যুত্থানের প্রধান প্রতিশ্রুতি ছিল বৈষম্য বিলোপ। তাই, সরকারের প্রতিটি কার্যক্রমে সেই প্রতিশ্রুতির প্রতিফলন প্রত্যাশা করে শ্রমিক জনতা। সম্প্রতি সরকার ঘোষিত পে-স্কেলের ২০তম গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়েছে বেসিক ২০ হাজার টাকা, যা সর্বসাকুল্যে প্রায় ৩৮ হাজার টাকা। এটা প্রমাণ করে বর্তমান বাজারে একজন শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি ৩৮ হাজার টাকার কম হতে পারে না। ফলে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবশ্যই পে কমিশনের মাপকাঠি বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি ঘোষণা করার দাবি জানান নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ১৩ হাজার শ্রমিকের নামে মামলা হয়েছে, প্রায় অর্ধশতাধিক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে আটককৃত শ্রমিকদের নিঃশর্তে মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলনের পাশে দেশের ছাত্র সমাজকে দাঁড়ানোর আহ্বান জানান।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইনজামামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।





