জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিজওয়ানা করিম স্নিগ্ধাকে সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্তকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সংগঠনটি বলেছে, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।
আজ ২৫ নভেম্বর ২০২৬ সংবাদ মাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী এ কথা বলেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তি—এই তিন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে অধ্যাপক রিজওয়ানা করিম স্নিগ্ধা টক শোতে দেওয়া বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করছেন। এই তথাকথিত সম্মতি উৎপাদনের ভুয়া অভিযোগে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাঁর অপসারণ দাবি করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন ছাত্র সংগঠনের এই অন্যায় দাবির কাছে নতি স্বীকার করে তাঁকে প্রভোস্ট পদ থেকে সরিয়ে দিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল মানুষ মত প্রকাশের স্বাধীনতা পাবে। অথচ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে কিংবা ভিন্নমত প্রকাশ করলেই কাউকে ‘আওয়ামী’ ট্যাগ দিয়ে শাস্তির আওতায় আনা হচ্ছে, যা এক ধরনের নব্য ফ্যাসিবাদী চিন্তার বহিঃপ্রকাশ। একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি স্বাধীনভাবে মতামত রাখতে না পারেন এবং মতামত প্রকাশের কারণে তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ বলে আর কিছু থাকে না।
নেতৃবৃন্দ আরও বলেন, একদিকে আওয়ামী সংশ্লিষ্টতার কথা বলে শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে পুরোনো স্বৈরাচারের মতোই ক্যাম্পাসে দলীয়করণ ও দখলদারিত্ব বিস্তারের একই পাঁয়তারা চলছে। এ ধরনের আচরণ শিক্ষাঙ্গনে মুক্তবুদ্ধির চর্চাকে ব্যাহত করবে এবং শিক্ষাদানের পরিবেশকে বিঘ্নিত করবে।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুখশানা আফরোজ আশা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।





