গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের ৩য় সভা আকস্মিকভাবে স্থগিত করায় উদ্বেগ প্রকাশ করে মজুরি নির্ধারণের কাজে দীর্ঘসূত্রিতা এড়ানোর আহ্বান জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। একই সঙ্গে সংগঠনটি গার্মেন্টস শ্রমিক তৌফিক ও সাভারের জুতা কারখানার শ্রমিক সুমন হত্যার বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।
আজ ১৬ নভেম্বর ২০২৬ সংবাদ মাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন, মজুরি বোর্ড গঠনে দেরি হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। পরে নতুন মজুরি বোর্ড গঠিত হয় এবং চলতি বছরের ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকরের ঘোষণা আসে। এরপর বেশিরভাগ কারখানায় শ্রমিকরা কাজে ফিরে গেছেন এবং ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় আছেন। এ অবস্থায় সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা ছাড়াই বোর্ডের নির্ধারিত সভা স্থগিত করায় শ্রমিকদের মধ্যে আস্থাহীনতা তৈরি হতে পারে, যা চলমান অসন্তোষ আরও বাড়িয়ে তুলতে পারে।
মজুরি আন্দোলনে সাভারে জুতা কারখানার শ্রমিক সুমন নিহত হওয়ার তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সুষ্ঠু শিল্প সম্পর্ক চর্চার সুযোগ না থাকায় এবং আন্দোলনের নিয়মতান্ত্রিক পথ সম্পর্কে অজ্ঞতার কারণে শ্রমিকরা ক্ষোভ জানাতে বারবার রাস্তায় নামতে বাধ্য হন। আর বঞ্চনার যন্ত্রণার এই প্রকাশকে নৈরাজ্য আখ্যা দিয়ে দমনের কৌশল নেওয়া হয়, ফলে প্রাণ হারান নিরীহ শ্রমিকরা। ২০২৩ সালের মজুরি আন্দোলনে ৪ জন শ্রমিককে জীবন দিতে হয়েছিল, এবারও এরই মধ্যে দুইজন শ্রমিক প্রাণ হারিয়েছেন।
যথাযথ দায়িত্বশীল আচরণের পরিবর্তে বলপ্রয়োগ বা হুমকি-ধামকি দিয়ে শ্রমিক অসন্তোষ দমনের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।
আহসান হাবিব বুলবুল ও সেলিম মাহমুদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট
নেতৃবৃন্দ বলেন, এমন পরিস্থিতিতে মজুরি বোর্ডের নিয়মিত কাজ বাধাগ্রস্ত হলে এবং দীর্ঘসূত্রিতার সম্ভাবনা দেখা দিলে বোর্ডের কার্যপ্রক্রিয়া নিয়ে শ্রমিকদের মধ্যে আস্থাহীনতা তৈরি হবে, যা কোনোভাবেই কাম্য নয়। মালিকপক্ষের মজুরি প্রস্তাবনায় শ্রমিকদের মর্যাদাপূর্ণ ও শোভন জীবনযাপনের অধিকারের প্রতিফলন থাকবে এবং মজুরি বোর্ড প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি নির্ধারণের কাজ সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। তাঁরা আরও বলেন, যথাযথ দায়িত্বশীল আচরণের বদলে বলপ্রয়োগ বা হুমকি-ধামকি দিয়ে শ্রমিক অসন্তোষ দমনের যেকোনো চেষ্টা ব্যর্থ হবে।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক হাসনাত কবির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।





